যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ৩

0

স্টাফ রিপোর্টার॥ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে বুধবার যশোরে তিন জন জখম হয়েছেন। এর একটি ঘটেছে সকালে ভোট গ্রহণকালে, অপরটি সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে। সকালে যশোর শহরের চাঁচড়া ডালমিল মোড়ে “মোটরসাইকেল প্রতীক” ও “দোয়াত কলম প্রতীক” সমর্থকদের মধ্যে গোলযোগ হয়। এ সময় হামলায় আব্দুস সাত্তার (৪৫) নামে মোটরসাইকেল প্রতীকের এক কর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সাত্তার পৌর স্বেচ্ছাসেবকলীগ ৫নম্বর ওয়ার্ড শাখার কর্মী। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি তোহিদ চাকলাদার ফন্টুর নির্বাচনী প্রতীক “মোটরসাইকেল” সমর্থক ও কর্মী হিসেবে কাজ করছিলেন।
আব্দুস সাত্তার জানিয়েছেন, তাদের ভোট কেন্দ্র হচ্ছে যশোর জিলাস্কুল। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বাসাবাড়ি থেকে মহিলা ভোটারদের তিনি ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। ভোটার নিয়ে তিনি চাঁচড়া ডালমিল মোড়ে পৌঁছুলে ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাঃ সেলিম তাকে বাঁধা দেয়। এ নিয়ে দু’জনের ভেতর বাদানুবাদ হয়। বাদানুবাদের এক পর্যায়ে সেলিম বাঁশ দিয়ে আব্দুস সাত্তারের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে বেলা ১০টার দিকে পরে রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুস সাত্তার চাঁচড়া ডালমিল পশ্চিমপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র।
আব্দুস সাত্তার আরো জানিয়েছেন, তার উপর হামলাকারী সেলিম আনোয়ার হোসেন বিপুলের দোয়াত-কলম প্রতীকের সমর্থক হিসেবে কাজ করেছেন।
এদিকে নির্বাচনোত্তর বিজয় মিছিলে হামলা পাল্টা হামলায় ২জন আহত হয়েছেন। সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করার পর এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র। তার চাচি মহিলা মেম্বর নাজমা বেগম জানিয়েছেন, চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ভোট কেন্দ্রে তোহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল মার্কা বিজয় লাভ করে। পরে সাজ্জাদ হোসেন তার লোকজনসহ বিজয় মিছিল নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁচড়া ইজিবাইক স্ট্যান্ডে আসেন। তখন পিছন থেকে নয়ন ও সাকিব সাজ্জাদ হোসেনকে ছুরিকাঘাত করলে আহত হন তিনি। এর ঘন্টাখানেক পর মোটরসাইকেল সমর্থকরা সাজ্জাদকে ছুরিকাঘাত করার ঘটনায় সাকিবকে (১৭) খুঁজে বের করে এবং তাকে গণধোলাই দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর এএসআই আব্দুল মালেক সাকিবকে অচেতন অবস্থায় উদ্ধার কার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সাকিব চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনুর পুত্র। আহত সাজ্জাদ ও সাকিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।