যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তার স্ত্রী খুন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেল রোড আশ্রম মোড়ে সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মরহুম মোস্তাফিজুর রহমানের স্ত্রী রওশন আরা রোশনী (৫৫) নিজ বাড়িতে খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। হত্যার সাথে আপনজনদের কেউ জড়িত আছেন বলে পুলিশ সন্দেহ করছে।
স্বজন ও প্রতিবেশীরা জানান, রওশন আরা রোশনীর স্বামী সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তার ছেলে রাতুল স্ত্রীকে নিয়ে আমেরিকায় থাকেন। আর মেয়ে মুনিয়া ঢাকায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন। যশোর শহরের রেল রোড আশ্রম মোড়ের (সিঅ্যান্ডবি মসজিদের দক্ষিণ পাশে) নিজ বাড়িতে একাকি থাকতেন রওশন আরা রোশনী।
নিহতের মা সাবিনা রহিম জানান, তিনি উপশহর বি-ব্লকের বাসিন্দা। তার ৬ মেয়ের মধ্যে রওশন আরা রোশনী সকলের বড়। একাকি থাকায় প্রায় প্রতিদিন তিনি বড়মেয়ের বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন। খাবার রান্না করে মেয়েকে দিয়ে যেতেন। গত রোববারও তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন। সোমবার বিকেল ৪টার দিকে মেয়ের বাড়িতে ঢুকতেই প্রধান গেট খোলা দেখতে পান। কিন্তু তার মেয়ে কখনো গেট খুলে রাখে না। এরপর ঘরের সামনে এসে দেখতে পান বাইরে থেকে গ্রিলে তালা দেয়া। এ কারণে তিনি মেয়েকে মোবাইল ফোন করেন। কিন্তু ঘরের ভেতর থেকে রিং বেজে উঠলেও মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
কোতয়ালি থানা পুলিশের এসআই মাইদুল ইসলাম জানান, কে বা কারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর সেখান থেকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের ভেতর এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পান। দেহটি খাটের নিচে ছিলো।
পুলিশ জানায়, তালা ভেঙে তারা ঘরের ভেতর ঢোকে। ঘরের বিভিন্ন স্থানে এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়।
কোতয়ালি থানা পুলিশের ওসি তাজুল ইসলাম জানান, মরদেহটি খাটের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় ছিলো। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হত্যার পর লাশ লুকিয়ে রাখার চেষ্টা করে হত্যাকারী। একটি পা বেরিয়ে যাওয়ায় বাইরে থেকে লোকজন দেখতে পায়। তার মা যদি বাড়িতে না আসতেন তাহলে মরদেহের খবর আরও পরে পাওয়া যেত। তিনি বলেন, আপনজনদের কেউ এই নারীকে হত্যা করেছে বলে তারা সন্দেহ করছেন। তার বাড়ি থেকে কোনো কিছু খোয়া গেছে কি-না তাও তদন্ত করে দেখা হচ্ছে।