যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনায় হতাহত ২

0

স্টাফ রিপোর্টার ॥ মসজিদে নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় একজন ইমাম নিহত হয়েছেন। অপরদিকে, ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গতকাল যশোর-বেনাপোল সড়কে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ আব্দুর রহমানের (৭১) বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার সদরালী গ্রামে। নিহতের পুত্র মমিন উদ্দিন জানিয়েছেন, তার পিতা হাফেজ আব্দুর রহমান ঝিকরগাছার গদখালী স্টেশন জামে মসজিদে ইমামতি করেন। গতকাল দুপুর ২টার দিকে মসজিদে জোহরের নামাজ পড়িয়ে তিনি বাড়ি ফিরছিলেন। গদখালী বাজারে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। একই দিন বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজারে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক তানজিমুর রহমান তাজ (১৬) গুরুতর আহত হয়েছেন। নাভারণ আকিজ কলিজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ও শার্শার কলাগাছি চারাতলার মো. সেলিমের পুত্র। সেলিম জানিয়েছেন, মোটরসাইকেলে তাজ তার স্কুলে যাচ্ছিল। নাভারণ বাজারের সামনে একটি ইজিবাইক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় আহত তাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিসকগণ তাকে ঢাকায় স্থানান্তর করেন।