যশোর পৌরসভার ১২২ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের নগর সমন্বয় কমিটির টিএলসিসি প্রাক-বাজেট ও বিশেষ বাজেট সভা বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী অর্থবছরের জন্য সর্বমোট ১২২ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

পৌরসভার প্রশাসক ও নগর সমন্বয় কমিটির সভাপতি রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

বাজেটের মূল অংশসমূহ রাজস্ব খাত :
মোট রাজস্ব আয় ৪৪ কোটি ২৮ লাখ ৯২ হাজার ২৭ টাকা এবং ব্যয় ৪৫ কোটি ১ লাখ টাকা। ঘাটতি ৭২ লাখ ৭ হাজার ৯৭৩ টাকা। উন্নয়ন খাত : আয় ও ব্যয় উভয়ই সমান অর্থাৎ ৭৭ কোটি ৮৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০ কোটি টাকা আসবে আরইউটিডিপি প্রজেক্ট এবং ১৫ কোটি টাকা আসবে এলজিসিআরআরপি প্রজেক্ট থেকে।

এছাড়া আইইউজিআইপি থেকে ৫০ লাখ এবং সরকারি অনুদান খাত থেকে ৪৬ লাখ টাকা প্রাপ্তি দেখানো হয়েছে। মূলধন খাত : মোট আয় ৫০ লাখ ৭১ হাজার ১৪৬ টাকা এবং ব্যয় ৫৯ লাখ ৮০ হাজার টাকা ধরা হয়েছে।

বাজেট সভায় কর্মকর্তারা জানান, এই বাজেট পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা এবং প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, উপসহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন,সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার,শহর পরিকল্পনাবিদ সাজিয়া সুলতানা, কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার আব্দুল কাদের, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবীর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত অনিতা মল্লিক।

টিএলসিসি প্রতিনিধি ও সাবেক কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, রাশিদা রহমান, টিএলসিসির প্রতিনিধি রাশেদ খান, ইমরান হোসেন, জহিরুল হক জহির, বেলায়েত হোসেন ও সালমান হাসান রাজিব। অনুষ্ঠানে নগর সমন্বয় কমিটির টিএলসিসির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে যশোর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি জনবান্ধব বাজেট প্রণয়নে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।