যশোর টিউশন মিডিয়া যেন এক প্রতারণার ফাঁদ!

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর টিউশনি মিডিয়া নামক ফেসবুক আইডির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের টিউশনি দেয়ার কথা বলে মিডিয়া চার্জের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন যবিপ্রবি শিক্ষার্থী।
বুধবার যবিপ্রবি শিক্ষার্থী আকাশ পাল যশোরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বরাবর এক অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ‘যশোর টিউশন মিডিয়া’ নামক ফেসবুক আইডি থেকে ‘টিউশনি করাতে আগ্রহী কিনা’ এমন পোস্ট করা হয়। এ সময় যবিপ্রবি শিক্ষার্থী আকাশ পাল ফেসবুক পোস্টে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মিডিয়া চার্জ বাবদ ২৭০০ টাকা দাবি করে ব্যক্তিটি। আকাশ পরদিন টিউশন মিডিয়ার দেয়া বিকাশ নম্বরে ১৩৫০ টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে আর ওই নম্বরে বা আইডিতে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ২২ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্র থেকে আরো জানা যায়, যশোর টিউশনি মিডিয়া নামক ফেসবুক আইডি ব্যবহারকারী (নগদ একাউন্ট- ০১৮৫৭২৫৭৬২৪, বিকাশ নম্বর- ০১৪০০৩৯৩৯৫৪) ইতিপূর্বে শতাধিক শিক্ষার্থীর সাথে এমন প্রতারণা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় প্রতিবাদ করলে কয়েকজন শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেয় প্রতারক চক্র। এমতাবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী, তিনজনকে সাক্ষী করে টাকা ফেরতসহ প্রতারকচক্রের বিচারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সাইবার ক্রাইম বিভাগের এস আই অণুপম বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ইতোমধ্যেই কাজ শুরু করেছি।