যশোর জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে কর্তব্যরতদের এ কেমন ব্যবহার!

0

বিএম আসাদ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে শনিবার এক ভয়াবহ অমানবিকতার ঘটনা ঘটেছে। প্রসব বেদনায় কাতরাতে কাতরাতে এক নারী জরুরি বিভাগের দরজায় লুটিয়ে পড়লেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাকে সাহায্য করেননি। যখন কর্তব্যরতরা উদাসিনতার পরিচয় দিলেন, তখন এক সাধারণ ফল বিক্রেতার মানবিকতায় প্রাণে বাঁচলেন মা ও নবজাতক।

শনিবার বিকেলে এ ঘটনার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন চিকিৎসক বিচিত্র মলি¬ক, নার্স তারকনাথ এবং প্রায় ৭/৮ জন আউটসোর্সিং কর্মচারী। কিন্তু সবার সামনেই ওই নারী পড়ে থাকলেও কারও কোনো ভ্রুক্ষেপ ছিল না। একজন সাংবাদিক এই দৃশ্য দেখে ডা. বিচিত্র মলি¬কের কাছে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এতে ডা. মলি¬ক অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমি কিছু করতে পারবো না।’ যখন এই অমানবিক আচরণের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি দায়িত্ব এড়িয়ে বলেন, ‘আমি কিছু জানি না। দায়িত্বশীল নাগরিক হলে আপনিই রোগীকে নিয়ে আসবেন।’ নার্স তারকনাথও চিকিৎসকের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এসব দায় আমাদের না। যার দরকার তারা দেখুক।’

চিকিৎসক ও নার্সের এমন দায়িত্বহীন আচরণে উপস্থিত সাধারণ মানুষ হতবাক ও ক্ষুব্ধ হন। যখন হাসপাতালের দায়িত্বশীল কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন সদর উপজেলার বিরামপুর গ্রামের আনজু নামে এক নারী, যিনি হাসপাতালের সামনে ফল বিক্রি করেন।

আনজু ওই নারীকে তুলে নিয়ে হাসপাতালের লেবার ওয়ার্ডে পৌঁছে দেন। যদিও তখন তার সাথে কোনো ভর্তি কাগজপত্র (টিকিট) ছিল না। পরে লেবার ওয়ার্ডের সেবিকা কবিতা সরকার স্বেচ্ছাসেবক শিলা রানীকে ভর্তির কাগজ আনতে জরুরি বিভাগে পাঠান। শিলা রানী জরুরি বিভাগে গেলে ডা. বিচিত্র মলি¬ক ওই প্রসূতি বৃষ্টিকে (২৬) বিকেল ৫টা ১৬ মিনিটে হাসপাতালে ভর্তি দেখান।

লেবার ওয়ার্ডে ভর্তির পরপরই বৃষ্টি খাতুন একটি পুত্র সন্তানের জন্ম দেন। বিকেল ৫টা ৩৩ মিনিটে ডা. দীপান্বিতা কর্মকার, সিনিয়র স্টাফ নার্স কবিতা রাণী মন্ডল, সেলিনা খাতুন ও ইন্টার্ন সেবিকাদের উপস্থিতিতে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। ডা. দীপান্বিতা কর্মকার নিশ্চিত করেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

জরুরি বিভাগে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবার কাছে ঘটনা শুনে তারপর ব্যবস্থা নেয়া হবে।

বৃষ্টি জানান, তিনি যশোর রেলস্টেশন কলাবাগান এলাকায় থাকেন। তার স্বামীর নাম রাকিব হাসান। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়।