যশোর জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে সংকট প্রকট

0

বিএম আসাদ ॥ একদিকে গুরুত্বপূর্ণ ওষুধ নেই। অন্য দিকে নেই চিকিৎসার যথাযথ পরিবেশ। এ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ড থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা ছাড়পত্র না নিয়েই চলে যাচ্ছেন।
সূত্র জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যশোরে ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর এদিন বিকেল ৫টার মধ্যে ভর্তি হয়েছেন আরো ১৮ জন। সংক্রামক ওয়ার্ডে ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য বরাদ্দকৃত ৫টি বেডের বিপরীতে এ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ৫৭ জন রোগী। জায়গা না থাকায় করিডোরে নির্মম পরিবেশে তাদের নিজেদের বিছানা করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। প্রচন্ড গরমে এ রোগীদের অমানবিক অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
এ পরিস্থিতিতে সরেজমিনে গেলে জানা যায়, এ ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। সূত্র জানিয়েছেন, ডায়রিয়া রোগীর প্রচুর বমি হয়। যাকে বলে ওলাউঠা। এ বমি বন্ধ করার জন্য প্রয়োজন হয় প্যালোক্সি নামের ইনজেকশন, পাতলা পায়খানা বন্ধ করার জন্য প্রয়োজন হয় ব্যাসিট্রিল-১০০ ক্যাপসুল, অ্যাকটেরিয়া ট্যাবলেট ও পাশাপাশি ব্যথা কমানোর জন্য অ্যালজিন ট্যাবলেটের। কিন্তু এসব ওষুধের কোনটিই নেই হাসপাতালে। অ্যালজিন ট্যাবলেট আগে দেয়া হতো। প্যালোক্সি ইনজেকশন আদৌও কেনা হয় না। এর বদলে ডলাক্স থাকলেও তা এখন নেই। অথচ চিকিৎসকরা ব্যবস্থাপত্রে হরহামেশায় লিখে যাচ্ছেন এসব ওষুধ। ফলে রোগীরা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফার্মেসি থেকে এসব ওষুধ কিনছেন। ফার্মেসিতে প্রতিটি প্যালোক্সি ইনজেকশন-৭৫ টাকা, র‌্যাসিট্রিল-এক্স ক্যাপসুল প্রতিপিস ৮ টাকা, অ্যালজিন ট্যাবলেট প্রতিপিস ৮ টাকা ৫০ পয়সা এবং অ্যাকটেরিয়া এক্স- প্রতিটি ট্যাবলেট ৪০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।
এদিকে ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ার কারণে হাসপাতালের করিডোরগুলোতে দীর্ঘলাইনে সারিবদ্ধ বিছানা করে গাদাগাদি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। যেখানে কোন বৈদ্যুতিক ফ্যান নেই। নিয়মিত লোকজন চলাচল করেন এ করিডোর দিয়ে। এ ধরনের অমানবিক পরিবেশে রোগীরা সেখানে চিকিৎসা নিতে অস্বস্তি বোধ করেন। ফলে একদিকে ওধুষের সংকট, অন্যদিকে জায়গার অভাব। এ পরিস্থিতিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসাপত্র বা ছাড়পত্র না নিয়েই হাসপাতাল ছেড়ে চলে যান। মার্চ, এপ্রিল হতে গত ১১মে পর্যন্ত ১শ ৫০ জন রোগী এভাবে ছাড়পত্র না নিয়ে চলে গেছেন। ডায়রিয়া ওয়ার্ডের খাতায় তাদের পলাতক দেখানো হয়েছে।
এ সংক্রামক ওয়ার্ডে কর্মরত সেবিকা কল্পনা রাণী বলেন, ওয়ার্ডে মাত্র ৫টি বেড। রোগী থাকে বাইরে। যে কারণে একটু আরোগ্য হলেই তারা চলে যান। ছাড়পত্র না নেয়ায় নিয়মানুযায়ী তাদের পলাতক রোগী হিসেবে খাতায় লিখতে হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি, বলেন যেসব ওষুধের সংকটের কথা বলা হচ্ছে এসব ওষুধ দেশের কোন সরকারি হাসপাতালে দেয়া হয় না। তাই এ হাসপাতালেও ওই ওষুধের সংকট রয়েছে। তবে বিশেষ করে ‘বমি’ বন্ধ করার ওষুধ যোগাড় করার জন্য তিনি বিশেষ উদ্যোগ নিবেন। এছাড়া জায়গা সংকুলান করা আপাতত অসম্ভব বলে জানা তত্ত্বাবধায়ক।
উল্লেখ্য গত এক সপ্তাহে ১শ ৮০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এক মাসে ভর্তি হয়েছেন ৮শ ৩৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি হতে ১১ এপ্রিল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩শ ৭৩ জন।