যশোর জিলা স্কুলের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষা বোর্ডের লাখো বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

0
যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে চারা রোপণ করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উপস্থিত অতিথিবৃন্দ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতে মনোনিবেশ করেছে। সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে দশ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে চায়।

শনিবার সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি এবং জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডিজেল এবং ফার্নেস অয়েল নির্ভর ছিল। পরবর্তী সময়ে তা গ্যাস এবং কয়লা নির্ভর হয়েছে, যার সবকিছুই প্রকৃতির ক্ষতিসাধন করছে। সরকার বর্তমান বাজেটে স্কুলের ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে শুল্ক শূন্য ঘোষণা করেছে। একই সাথে সরকার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতি গ্রহণ করেছে। আগামীতে প্রথমে সিটি কর্পোরেশন এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এমন জায়গায় নিয়ে আসতে চায়, যাতে করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।

যশোর জিলা স্কুল মাঠে ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করছেন প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করতে হবে। এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য। লেখাপড়ার মধ্যে শিক্ষার্থীরা আনন্দ খুঁজে পেলে তারা লেখাপড়ায় অনেক বেশি আগ্রহী হবে। অন্যদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া শেষ করে তোমাদের মেধা ও যোগ্যতা বাংলাদেশ পুনর্গঠনে ব্যয় করবে। তোমরা কেউ যেন ভুল পথে পা না বাড়াও, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেক বন্ধু অ্যাডভেঞ্চারের কথা বলে এমন কিছু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। জীবনে সকল ক্ষেত্রে জয়-পরাজয় আছে। জীবন যেখানে আটকে যায়, সেখান থেকে নতুন উদ্যমে পথ চলা শেখায়; তাই থেমে না থেকে নব উদ্যমে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মুঃ আব্দুস ছালাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৯ লাখ ৯২ হাজার ৩শ টাকা ব্যয়ে যশোর জিলা স্কুলের এই ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।