যশোর ক্যান্টনমেন্ট কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু ইসলাম সুমিত, কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল কবীর চঞ্চলের উপস্থিতিতে বৃক্ষরোপণ কার্যক্রম।। ছবি: লোকসমাজ
স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু ইসলাম সুমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন সাধারণ সম্পাদক খায়রুল কবীর চঞ্চল। আয়োজনে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অধ্যক্ষ মো. আকতার হোসেন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

এছাড়া অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির সকল সদস্যরা উপস্থিত থেকে সরাসরি চারা রোপণ কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণের নির্ধারিত স্থানসমূহে বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ফলজ-বনজ গাছের চারা রোপণ করা হয়। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কলেজের পরিবেশ সুন্দর রাখা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় ও ভারসাম্য রক্ষায় প্রতিটি গাছের ভূমিকা অপরিসীম। একটি গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য ও মানুষের জীবন রক্ষায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। জলবায়ু সংকটের এই সময়ে প্রত্যেক সচেতন নাগরিককে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানো এবং তা পরিচর্যায় এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটি জানায়, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে আগামীতেও সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা বজায় রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।