মহেশপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে মহেশপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করেন। তার বিরুদ্ধে মহেশপুর থানায় আগের একটি ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনার্চজ মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।