যশোরের রাজগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ তালতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের হুমোতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রাকিব (২৭) এবং নাদরা গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৬)। মেহেদী হাসান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান, নিহতদের স্বজন মালেকা বেগম ও শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রাজগঞ্জের তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং দুইজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ৯টা ২৯ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক মো. জুবায়ের আহমেদ বলেন, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।”