সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ: নিহতের সংখ্যা বেড়ে ৭, আশঙ্কাজনক বেশ কয়েকজন

0
ভাটিয়ারীর শিপইয়ার্ডে ৭ শ্রমিকের মৃত্যুর পর কারখানা প্রাঙ্গণে নেমে এসেছে শোক ও স্তব্ধতা।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত একটি শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস লিকেজে ৭ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে শিপইয়ার্ডে ভাঙার জন্য আনা একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় আচমকা জাহাজটির একটি ভেতরের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে শুরু করে। এতে শ্বাসরোধ হয়ে ও বিষক্রিয়ায় কাজের স্থানেই ঢলে পড়েন একাধিক শ্রমিক। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভেতরের প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিস কর্মীরা জাহাজটির ভেতর থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া ও নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অন্যদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গিয়েছিলেন এবং কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আরও চারজনের মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস লিকেজের দুর্ঘটনায় সাতজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।