বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু, জামদিয়ায় শোকের ছায়া

0
বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামদিয়া দক্ষিণপাড়ার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় দুই বোনসহ তিন শিশুর প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো— জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমান ও কাকলি বেগমের মেয়ে ফাহিমা আক্তার (১০), নিছার আলী ও মিনা খাতুন দম্পতির মেয়ে লামিয়া আক্তার (১৩) এবং সুলতানা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

একই সময়ে একই পুকুরে গোসল করতে গিয়ে তিন শিশুর প্রাণহানির ঘটনায় পুরো জামদিয়া দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে একই পরিবারের দুই বোন লামিয়া ও সুলতানার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ফাহিমার পরিবারেও চলছে শোকের মাতম।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।