যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি এনামুল হক (৫৫) বৃহস্পতিবার সকালে মারা গেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত ড. সুমাইয়া তাকে মৃত ঘোষণা করেন। ড. সুমাইয়া বলেন, তার বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বেলা ১১ টায় জেলখানা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। অল্প সময়ের কারনে কোন পরীক্ষা নিরীক্ষা করা যায়নি।
যশোর কোতোয়ালি থানার এসআই মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টে সঠিক তথ্য জানা যাবে বলে তিনি জানান।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম জানিয়েছেন, তার বুকে ব্যাথা ছিল। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। এরপর এনামুল হক মারা যান। এনামুল হক যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেল কবির বিশ্বাসের পুত্র।
এনামুল হকের ছেলে ইমন হোসেন জানিয়েছেন, তার পিতা একই উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ জানিয়েছে, কোতোয়ালি মডেল থানার একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে গত ২০ মে ২০২৪ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি ছিলেন কারাগারের ৭৩১২/এ নং কয়েদী।