যশোর ও খুলনায় ওসি বদলে শুভঙ্করের ফাঁকি

0

স্টাফ রিপোর্টার॥ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ বা সুপারিশে সারা দেশে ওসি বদলি নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকি। বদলি হওয়া ওসিরা নিজ জেলাতেই থাকছেন। এমনকি জেলার মধ্যে পাশাপাশি উপজেলায়ও বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের অনুমোদনের পর সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এর মধ্যে যশোরের ৫ থানার ওসিকে বদলি করা হয়েছে। তাদেরকে জেলার মধ্যে বিভিন্ন থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে খুলনায় বদলি ১১ ওসির মধ্যে ৯ জনকেই নিজ জেলার মধ্যে বদলি করা হয়েছে। মাত্র দুই জন জেলার বাইরে বদলি হয়েছেন।
যশোরে ৯টি থানার মধ্যে ৫টি থানার ওসিকে বদলি করা হয়েছে। তারা নিজ জেলার মধ্যেই অদলবদল হয়েছেন। গত বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শুক্রবার জানান, জেলার বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে ঝিকরগাছা থানায় বদলি করা হয়েছে। আর ঝিকরগাছার থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় যোগদান করতে বলা হয়েছে। এ দুইটি থানা পাশাপাশি উপজেলার।
শার্শা থানার ওসি আকিকুল ইসলামকে অভয়নগর থানায় বদলি করা হয়েছে। আর অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে মণিরামপুর থানায়। এছাড়া মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও জানান, জেলার বাকি চার থানা যথাক্রমে কোতোয়ালি, চৌগাছা, কেশবপুর, ও বাঘারপাড়ার ওসিদের বদলি করা হবে কি না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
অপরদিকে খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের ১৭ থানার মধ্যে ১১ থানার ওসিকে বদলি করা হয়েছে। এ বদলির তালিকায় ১১ জনের মধ্যে মাত্র দুজনকে খুলনা জেলার বাইরে বদলি করা হয়েছে। অন্যান্যরা রয়েছেন জেলার মধ্যেই। এছাড়া কেএমপির চারজন ওসিকে নগরীর মধ্যেই বদলি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এবং জেলার পুলিশ সুপার মো. সাইদুর রহমান ওসিদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
কাকে কোথায় বদলি করা হয়েছে : কেএমপির সদর থানার ওসি মো. হাসান আল মামুনকে আড়ংঘাটা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. অহিদুজ্জামানকে সোনাডাঙ্গা মডেল থানায়, সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হককে খান জাহান আলী থানায় এবং খান জাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খানকে খুলনা সদর থানায় বদলি করা হয়েছে।
এছাড়ার জেলার দাকোপ থানার ওসি উজ্জ্বল কুমার দত্তকে মেহেরপুরের মুজিবনগর থানায়, পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলামকে ফুলতলা থানায়, দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরদারকে বটিয়াঘাটা থানায়, ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়াকে মেহেরপুর সদর থানায়, বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শওকত কবিরকে রূপসা থানায়, ফুলতলা থানার ওসি মোহাম্মদ আব্দুল হককে দাকোপ থানায় এবং রূপসা থানার ওসি মো. শাহিনকে দিঘলিয়া থানায় বদলি করা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়। পরে ওসিদের বদলির প্রস্তাব পাঠানোর সময় বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়।