যশোরে ৮শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ,আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৮শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চঞ্চল হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের হরিনাথ দত্ত লেনস্থ নোভা ক্লিনিকের সামনে থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, নোভা ক্লিনিকের সামনে মাদকদ্রব্য বিক্রির জন্য এক যুবক অবস্থান করছেন। এ সংবাদ পেয়ে রাত পৌনে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে চঞ্চল হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ৮০ পাতা নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন তারা। প্রতিটি পাতায় ১০ করে ৮০টি পাতায় মোট ৮শ ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে।
আটক মাদক ব্যবসায়ী চঞ্চল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মুন্সীপাড়ার জনৈক সাদেকের বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, চঞ্চল যশোরের বিভিন্ন ওষুধের দোকানে গোপনে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সরবরাহ করে থাকেন। এসব ওষুধের দোকানে গোপনে মাদকসেবীদের কাছে ওই ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করা হয়। কিছুদিন আগে শহরের এম এম আলী রোডের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছিলেন তারা।