যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ খালেদ হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক খালেদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সন্দেহভাজন খালেদ হোসেনকে তল্লাশি করার সময় তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৩.২৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ হোসেন স্বীকার করেছেন যে, তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। বারগুলো যশোর ও চৌগাছা সীমান্ত হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।