যশোরে ৪টি বেসরকারি চিকিৎসালয়ে অভিযান : লক্ষাধিক টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড ও জেল রোডে অবস্থিত বেসরকারি ৪ টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। যশোর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ অভিযান চালায়।

এ সময় সিএমসি ডায়াগনস্টিক সেন্টার ও এর পাশে অবস্থিত আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফারুক হোসেন প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। জানা যায় কোন বৈধতা ছাড়াই চলছিল প্রতিষ্ঠান দুইটি।

দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন রোগের পরীক্ষার জন্য মেয়াদ উত্তীর্ণ সামগ্রী, চিকিৎসক ছাড়াই রোগ পরীক্ষার প্রতিবেদন তৈরি, ক্লিনিকের কাগজপত্র সঠিক না থাকা ও দালাল নির্ভরতাসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড ধরা পড়ে।

উল্লিখিত কারণে ভোক্তা অধিকার আইনে ঘোপ নওয়াপাড়া রোডস্থ পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাসনা সিলভা ইরা অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, যশোর শহরের বিভিন্ন ডায়গনস্টিক এবং হসপিটালে নানা অসঙ্গতি ধরা পড়েছে। এতে সাধারণ মানুষের ক্ষতি হয়। এই অবস্থায় এ সব প্রতিষ্ঠানের মালিকদের মিনিমাম জরিমানা করা হয়েছে। এরপরও সতর্ক না হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।