যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মান উন্নয়ন ও গতিশীল করার তাগিদ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

সভায় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এইচএম আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, আইসিইউ বিভাগের ইনচার্জ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতা ডা. মো. রবিউল ইসলাম তুহিন এবং হাসপাতালের অ্যাকাউন্টেন্ট মো. ইসরাফিল হোসেন।

সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের তদারকি এবং রোগীদের সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে হাসপাতালের আইসিইউ ও সাধারণ ওয়ার্ড পরিদর্শন করেন সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রাপ্য চিকিৎসাসেবা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।