যশোরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এইচ এম এম রোডস্থ বড় বাজার এলাকার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ছোট পুরোহিত উত্তম কুমার লাহড়ী জানান, মন্দিরটি দোতলা। নিচতলায় প্রতীমা রাখা আছে। সেখানে পূর্ণার্থীরা আসেন। প্রতীমার সামনের স্থানে ছোট একটি দানবাক্স রয়েছে।

এছাড়া নিচতলায় দুটি পিলারের গায়ে বড় দুটি দানবাক্স রাখা থাকে। বছরে একবার ওই ৩টি দানবাক্স খোলা হয়। বছরে ওই বাক্সগুলো থেকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত পাওয়া গেছে। এবার এক বছরের কাছাকাছি হয়েছে। বছর পূর্ণ হলে তারা দানবাক্সগুলো খুলতেন।

তিনি বলেন, গত শনিবার রাতে মন্দিরের দরজা বন্ধ ছিলো। মন্দিরের একটি ঘরে তারা ঘুমিয়ে ছিলেন। পরদিন রোববার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের ভেতর এসে দেখতে পান, ৩টি দানবাক্স নেই। পরে খোঁজাখুঁজি করে ছাদে গিয়ে দানবাক্সগুলো দেখতে পান। তালা ভাঙা ছিলো। ভেতরে কোনো টাকা ছিলোনা।

পরে সিসি ক্যামেরায় অল্প ধারণ করা ভিডিও ফুটেজে রোববার রাত সাড়ে ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির চলাচল দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই চোর। কোনো উপায়ে ছাদে উঠে নিচে নেমে দানবাক্স নিয়ে টাকা লুট করেছে চোর। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আমানউল্যাহ ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।