ঝিকরগাছায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নিয়োগের প্রতিবাদে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও ঝাঁটা মিছিল হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ ও শিওরদাহ বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষানুরাগী ও শিওরদাহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত ও প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বিতর্কিত নিয়োগ বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে ঝাঁটা মিছিল বের করেন।

বিদ্যালয়ে রেজুলেশন করে গত ৮ সেপ্টেম্বর মো. শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান নামের ৩ জনকে অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে মনোনীত করে অনুমোদনের জন্যে পাঠানো হয়। কিন্তু তাদের কাউকে না করে আশরাফুজ্জামান নামের এক ব্যক্তিকে সভপাতি মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার বলেন, তিনি রেজুলেশনের মাধ্যমে যে তিনজনের নাম প্রস্তাব করেছিলেন তাদের মধ্যে কেউ সভাপতি মনোনীত হননি। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কীভাবে সভাপতি মনোনীত হয়েছেন তা তিনি অবগত নন।