যশোরে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩, ২ লাখ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বৈদেশিক মুদ্রা ভাঙানোর প্রলোভন দেখিয়ে ওষুধ ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের সাথে জড়িত ৩ দুর্বৃত্ত আটক হয়েছেন। গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের নীলগঞ্জ সাহাপাড়ার একটি বাসা থেকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত প্রায় ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার ঘুনশী গ্রামের মজিবর শেখের ছেলে তুষার শেখ (৩২), আকদিয়া গ্রামের হাসমত মল্লিকের ছেলে আসাদ মল্লিক (৩৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আব্দুল কাদের মোল্যার ছেলে টুটুল হোসেন (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আটকরা পরষ্পর আত্মীয় এবং প্রতারক। প্রতি ঘটনার আগে তারা টার্গেট করা স্থানের কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে। উল্লিখিত ঘটনার ১৫ দিন আগে তারা শংকরপুর বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নেয় মশারি বিক্রেতা পরিচয়ে। ঘটনার পর ঢাকায় পালিয়ে যায়। এর প্রায় দুই মাস পর তারা আবারও যশোরে আসে এবং এবার নীলগঞ্জ সাহাপাড়ায় একই পরিচয়ে বাসা ভাড়া নেয়। পিছু লেগে থাকা পুলিশ এসময় তাদের পাকড়াও করে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন। মামালার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই শরীফ এনামুল হক জানান, চাঁচড়া বাজার এলাকার ওষুধ ব্যবসায়ী মিলন কান্তি ব্যাপারীকে সৌদি সাড়ে ৩শ’ রিয়াল ভাঙানোর কথা বলে উল্লিখিত প্রতারকরা গত ১১ নভেম্বর দুপুরে তাকে সিভিল কোর্ট মোড়ে ডেকে নিয়ে আসেন। পরে তারা কোর্ট মসজিদের গলিতে নিয়ে গিয়ে তার কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি কোতয়ালি থানায় মামলা করেন মিলন কান্তি ব্যাপারী। এই মামলাটির তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে শনাক্তের পর গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নীলগঞ্জ সাহাপাড়ার জনৈক সুমনের ভাড়া দেয়া বাসা থেকে তুষার শেখ, আসাদ মল্লিক ও টুটুল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত প্রায় ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।