যশোরে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ

0

 

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। একইসাথে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ।
যশোর জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে সোমবার দিবসটিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল ১০টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে প্রথমে বেলুন উড়িয়ে শিশু অধিকার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার। এ সময় সেখানে যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার। এর আগে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ ও যশোর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুলের তিন শিক্ষার্থী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর অধিকার, সুরক্ষা, উন্নয়ন ও বিকাশে সবচেয়ে বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুরা যাতে পরিপূর্ণভাবে নিজেদের সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারে সেজন্য তাদের প্রতি যতœবান হওয়া উচিৎ। এর পাশাপাশি তারা যেনো মোবাইল ফোনে গেমস বা অন্য কোনো অশোভন কাজে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবকদের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকেই সচেতন হতে হবে। একই সাথে শিশুদেরও পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
২ অক্টোবর থেকে শুরু হওয়া এ শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিন আগামী ৮ অক্টোবর। সমাপনী দিনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।