যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ২৪ জুন সকালে দপ্তরের উপপরিচালকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘ফল শুধু পুষ্টির উৎসই নয়, কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে এর চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. আবু তালহা, যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক দীপঙ্কর দাসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কৃষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণে দেশজ ফল চাষের সম্প্রসারণ অত্যন্ত জরুরি। সরকারি সহায়তা ও চাষিদের আগ্রহই এ খাতের অগ্রগতির মূল চাবিকাঠি।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। মেলায় বসেছে দেশি-বিদেশি নানা জাতের ফল নিয়ে চারটি স্টল। অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং ফলচাষে উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।