যশোরে দুর্গাপূজা প্রস্তুতি সভা: সম্প্রীতি রক্ষা, সীমান্ত নজরদারি ও গুজব প্রতিরোধে নির্দেশনা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো অঘটনের মাধ্যমে মানুষের শান্তি ও সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যশোরের সুনাম ও সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য স্মরণীয় ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে হবে। গত বছরের মতো এবারও প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পূজা শুরুর আগেই প্রতিমা নির্মাণের পর্যায় থেকে নিরাপত্তা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধ এবং মাদক, অস্ত্র ও অবৈধ পটকা প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, পূজা মণ্ডপগুলোর জন্য চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।