ঝিনাইদহে ঘাসের মাঠে ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
ঝিনাইদহে ঘাসের মাঠে ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহ সদর উপজেলায় ঘাসের জমির ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।

নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় ঘাসের জমিতে রকিকে পড়ে থাকতে দেখেন। এ সময় জমির ওপর দিয়ে টানা ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের সংস্পর্শ দেখতে পান তারা। পরে রকির কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘাসের জমির ওপর দিয়ে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকির মৃত্যু হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।