শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের ৩০ শতক জমির কলাগাছ কাটার অভিযোগ

0
শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের ৩০ শতক জমির কলাগাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের শৈলকুপায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ফলন্ত কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ৩০ শতক জমিতে কলার চাষ করেছেন। নিয়মিত পরিচর্যায় বাগানের গাছগুলোতে সম্প্রতি থোড় আসতে শুরু করেছিল। কিছুদিনের মধ্যেই এসব গাছ থেকে কলা সংগ্রহ করে বাজারে বিক্রির কথা ছিল।

তবে এরই মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানের ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন কৃষক মাসুম আলী।

তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার বাগানের কলাগাছ কেটে দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, রাতের আঁধারে কলাগাছ কেটে ফেলার বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে অভিযোগও পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।