যশোরে রিনি হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট তেঁতুলতলা ইসমাইল কলোনিতে আইরিন পারভীন রিনি নামে এক নারীকে হত্যার ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। নিহতের স্বামী সৈয়দ মঈনুল হাসান পিয়াসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত সৈয়দ মঈনুল হাসান পিয়াস বেজপাড়ার শহীদ মাহফুজ সড়কের মৃত সৈয়দ মিজানুর রহমানের ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ কারণে পুলিশ তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর জন্য আদালতে আবেদন জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বারান্দীপাড়া খালধার রোডের মৃত আবুল কাশেমের মেয়ে আইরিন পারভীন রিনির প্রথম বিয়ে হয়েছিলো বেজপাড়া তালতলা এলাকার আব্দুল্লাহ আল মামুনের সাথে। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি মামুনের মৃত্যু হলে নূর আফরিন জান্নাতি নামে ৯ বছরের একটি সন্তানসহ বিধবা হন রিনি। এরপর পিয়াসের সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে সংসার করতেন পিয়াস। সর্বশেষ তিনি রেলগেট তেঁতুলতলা ইসমাইল কলোনির জনৈক আব্দুর রউফের ঘর ভাড়া নিয়ে সেখানে স্ত্রীসহ বসবাস করতে থাকেন। এরই মধ্যে রিনি জানতে পারেন পিয়াস এর আগে আরো ২টি বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। এ কারণে সামান্য বিষয় নিয়ে রিনির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন পিয়াস। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম স্বামী মামুনের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ভাড়া বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন রিনি। কিন্তু তাকে মৃত্যুবার্ষিকী পালন করতে নিষেধ করেছিলেন পিয়াস। তা সত্বেও মৃত্যুবার্ষিকী পালন করেন রিনি। ওই অনুষ্ঠানে স্বজনেরা ছাড়াও রিনির প্রথম পক্ষের শাশুড়ি বকুল খাতুন এসেছিলেন। এরপর ১১ ফেব্রুয়ারি স্বজনেরা খবর পান যে, রিনি গুরুতর অসুস্থ। তার নাক ও মুখ দিয়ে লালা বের হচ্ছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে এসে রিনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিয়াসকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন নিহতের ভাই শাহাবুদ্দিন। তদন্ত শেষে আসামি পিয়াসের বিরুদ্ধে স্ত্রী রিনিকে হত্যার প্রমাণ পাওয়ায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।