যশোরে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা প্রশাসনের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার যশোর কালেক্টরেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পাশাপাশি সব দলমতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে ঐক্যমত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাসুদ আলম, সেনাবাহিনীর প্রতিনিধি লে.কর্নেল মোস্তফা কামাল, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. ইসহক, বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট, প্রেস ক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান, হেফাজতে ইসলাম যশোরের সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুল্লাহ, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ বেলায়েত, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, গণতন্ত্র মঞ্চ যশোরের সমন্বয়ক ফকির শওকত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির রাজনৈতিক শিক্ষা সহাবস্থান ও সহমর্মিতার। একটি কূচক্রী মহল যশোরে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে তা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিহত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এখন সময় হচ্ছে রাষ্ট্রগঠনের। তাই কোনপ্রকার বিশৃঙ্খলা ও সহিংসতাকে সমর্থন করে না বিএনপি। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতীতকে ভুলে গিয়ে দেশ গঠনে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিশৃঙ্খলা সংঘাত ঠেকাতে হবে। সরকার পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা প্রদান করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মাঠে নামার আহ্বান জানান এবং সবধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যশোরের মানুষ ও আন্দোলনকারীদের উদারতা ও সহনশীলতার কারণে পুলিশের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজনৈতিক ছত্রছায়ায় যেসব পুলিশ সদস্য জনগণের ওপরে অন্যায় অত্যাচার করেছেন সেইসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, পুলিশ সমাজের অংশ। তাদের ক্ষমা করে সমাজ গঠনে কাজ করার সুযোগ করে দিতে হবে। আগামীতে বৈষম্যের কোনো স্থান হবে না। গত দুই দিনে ৬১টি ঘটনার খবর পেয়েছি যার ৫৭টির কোনো অস্তিত্ব ছিলো না। যে ৪টি ঘটনা ঘটেছে তা আমলে নেওয়ার মতো না। তাছাড়া বিএনপি নেতারা সব ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করছে।
সভায় জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপস্থিত রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত উপস্থাপন করেন। এরমধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থী, রাজনৈতিক দল ও প্রশাসনের সদস্যদের নিয়ে কমিটি গঠন, মাইকিং, কমিউনিটি পেট্রোলিং ও সেনা সদস্যদের সঙ্গে পুলিশকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়।বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রীতি শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।