যশোরে মানবকণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে বুধবার যশোরের আদালতে মানহানির মামলা করেছেন মেসার্স স্বর্ণলতার স্বত্ত্বাধিকারী ও সিটি ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী দেবাশীষ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মীর মোশাররফ হোসেন বাবু তার মামলায় অভিযোগ করেছেন, গত ৫ মার্চ মানবকণ্ঠ পত্রিকায় ‘যশোরে আলোচনায় এবার ডিশ বাবু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে প্রকাশিত এ খবর উদ্দেশ্য প্রণোদিত। এতে তার সামাজিক সুনাম, সম্মান ক্ষুন্ন হয়েছে। যার পরিমান ১০ কোটি টাকা। অপরদিকে গতকাল সকালে প্রেসকাব যশোরের সামনে মোশাররফ হোসেন বাবুর বিরুদ্ধে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। মানববন্ধনকারীরা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমান হত্যায় অভিযুক্ত বাবু। তার গ্রেফতার ও শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে। প্রসঙ্গত মানবকণ্ঠে প্রকাশিত উলিখিত সংবাদে আতাউর হত্যার বিষয়টিও উলেখ আছে। যার বিরুদ্ধে মামলা করলেন মোশাররফ হোসেন বাবু।