ব্যাংক থেকে বেরোনো নারীর টাকার ব্যাগ ছিনতাই, কারসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের পর জনতা ধাওয়া করে তিন জনকে আটক করেছে। এসময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।  বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীদের জনতার হাত থেকে উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।
আটক তিন ছিনতাইকারী হলেন- খুলনার হাসিবুনিয়া এলাকার আব্দুল্লাহর ছেলে ইমন হোসেন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও মনির উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩২)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সলুয়া বাজারের সোনালী ব্যাংক থেকে স্থানীয় এনজিও কর্মী হালিমা বেগম প্রায় তিন লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি ব্যাংক থেকে নিচে রাস্তায় নামামাত্রই একটি প্রাইভেট কার (ঢাকা মেট্্েরা-গ-৩১-৭৮৬১) তার পাশে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে এক জন হাত বের করে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হালিমা বেগমের চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। একই সাথে মোবাইল ফোনে সামনের বাজারে কারটি আটকের কথা বলা হয়। চৌগাছা-যশোর সড়কের মশিউরনগর বাজারে কারটি পৌঁছালে স্থানীয়রা তা আটকের করেন। জনতা প্রাইভেটকারে থাকা তিন ছিনতাইকারীকে পিটুনি দেন। এসময় পুলিশ সেখানে গিয়ে তাদেরকে হেফাজতে নেয়।
পুলিশ আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়েছে।
চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।