যশোরে মাদ্রাসা শিক্ষকের পা বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেকের (৫৫) দুই পা বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল মালেকের ছেলে আমান উল্লাহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।
হামলার শিকার আব্দুল মালেক (৫৫) আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক, সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আসামিরা হলো- আরবপুর দিঘীরপাড় এলাকার মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মামুন (৩৫), মৃত রাজু আহমেদের ছেলে রাকিব (২৭), মৃত শেখ আবুল কাশেমের ছেলে সাইদুল ইসলাম (৫২), সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া ওরফে জাকার (২৮) এবং আলমগীর হোসেনের ছেলে রাব্বি (২৫)।
আমান উল্লাহ এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা ওই এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়। সে কারণে তার পিতা তাদের নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়। তারা নানাভাবে হুমকি দিতে থাকে। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আরবপুর আইডিয়াল মসজিদের পাশ গেলে আসামিরা তার পিতার ওপর হামলা চালায়। তার হাতে ও দুই পায়ে একাধিক কোপ মারে। এতে তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। চামড়ার সাথে হাল্কা বেঁেধ থাকে। হাত দিয়ে ধারালো দায়ের কোপ ঠেকাতে গেলে হাতের কয়েকটি আঙুল মারাত্মক ক্ষতি হয়। সে সময় চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন দৌড়ে এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে তিনিসহ অন্যান্য লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আব্দুল মালেকের কাছে প্রায়ই চাঁদা দাবি করতো একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেওয়ার কারণে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তার ওপর এ হামলা হতে পারে।
আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড় মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭/৮জন। এই সন্ত্রাসীরা আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করতো। এজন্য আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়ি কোপানো হয়েছে। ফলে তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, আব্দুল মালেক নামে একজনের দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের আটকের জন্য অভিযান অব্যহত রেখেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।