যশোরে মাদক ব্যবসায়ীদের হাতে স্বামী-স্ত্রী ও দুইপত্র জখম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বামী-স্ত্রী ও দুই ছেলে আহত হয়েছেন। ধারালো রামদা দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- ডুমদিয়া গ্রামের কৃষক আবু তালেব (৫৫), তার স্ত্রী সালেহা বেগম (৫০), ছেলে ইউসুফ আলী (২৮) ও ইমন (২২)। আহত ইমন জানিয়েছেন, গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের মাদক ব্যবসায়ী ফারুক আরমান ও দুই রুবেল মোটরসাইকেলযোগে গাঁজা পাচার করছিল। গাঁজা নিয়ে দ্রুত যাওয়ার পথে নারাঙ্গালী গ্রামে তার মোটরসাইকেলের সাথে গাঁজা পাচারকারীদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় সেখানে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে তাদের সহযোগী নারাঙ্গালী গ্রামের মামুন, মিথু গিয়ে ইমনকে হুমকি দেয়। এরপর শুরু হয় গাঁজা ব্যবসায়ীদের তান্ডব। ১৫/১৬ জন মাদক ব্যবসায়ী দুপুর ২টার দিকে ডুমদিয়া গ্রামে ইমনের বাড়ি হামলা চালায়। আহতরা জানিয়েছেন, তাদের প্রত্যেকের হাতে রামদা ছিল। ওই রামদা দিয়ে তাদের এলোপাতাড়ি কোপায়। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।