গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন ও মহাসড়কে বোমাসদৃশ বস্তু উদ্ধার

0
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন এবং বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বোমাসদৃশ একটি লাল বস্তু পড়ে থাকতে দেখা যায়, যা পরে বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে।

গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক উপপুলিশ কমিশনারের ব্যবহৃত গাড়ি।। ছবি: সংগৃহীত

জানা গেছে, আজ সকাল থেকে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক আন্দোলন চলছিল। আন্দোলনের খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

পথে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িটির গতিরোধ করে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেন এবং জানান যে দুর্বৃত্তরা সেটিতে অগ্নিসংযোগ করেছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উদ্ধার হওয়া তার পেঁচানো ও ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ লাল বস্তু।। ছবি: সংগৃহীত

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি লাল বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি দেখতে পান তাঁরা।

বাটির মতো লাল রঙের ওই বস্তুর গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ ও ‘এমকে ডট’ লেখা ছিল এবং সেখান থেকে তার বের করা ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন গণমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।