চৌগাছার কৃষি উন্নয়নে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: গাছি সমাবেশে জেলা প্রশাসক

0
শীতের প্রস্তুতি হিসেবে চৌগাছার ঐতিহ্যবাহী খেজুর গাছ কাটার কাজে ব্যস্ত এক গ্রামীণ গাছি।। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার, চৌগাছা যশোর ॥ কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন করা চৌগাছা উপজেলাকে নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। তিনি জানান, সরকার সারা বাংলাদেশের মধ্যে যশোরের চৌগাছা উপজেলাকেই বিশেষভাবে বেছে নিয়েছে এবং এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চৌগাছা কৃষিতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

সরকারের এই লক্ষ্য অর্জনে কৃষকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। আজ সোমবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর বটতলায় আয়োজিত এক গাছি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌগাছার হয়াতপুর বটতলায় জিআই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান।। ছবি: ভিডিও থেকে নেওয়া

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, জামায়াতের উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ধান, পাট, গম, ভুট্টা ও ফলমূল উৎপাদনে চৌগাছা অনেক এগিয়ে রয়েছে। এর পাশাপাশি খাঁটি খেজুরের গুড়ের জন্য চৌগাছার সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে।

চৌগাছায় আয়োজিত গাছি সমাবেশে স্থানীয় এলাকার গাছি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির একটি দৃশ্য।। ছবি: ভিডিও থেকে নেওয়া

চৌগাছার এই সুখ্যাতি ধরে রাখতে গাছিদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতি অবলম্বন করলে গাছিদের ঝুঁকি কমবে এবং গাছে রসের পরিমাণও বৃদ্ধি পাবে।

সরকার এসব আধুনিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, খেজুরের রস থেকে সিরাপ প্রস্তুত করার বিষয়ে বর্তমানে গবেষণা চলছে এবং সিরাপ তৈরি হলে তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। সেই সুদিন এলে প্রতিটি গাছিকে অত্যন্ত পরিচ্ছন্নভাবে রস সংগ্রহ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া শীতকালে বাদুড় থেকে যাতে নিপা ভাইরাস ছড়াতে না পারে, সে বিষয়ে গাছিদের বিশেষভাবে সতর্ক থাকার এবং নিজ দায়িত্বে বাদুড় থেকে রস রক্ষা করার পরামর্শ দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, থানা অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, পিআইও কর্মকর্তা সামছুন্নাহার ও শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গাছি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।