যশোরে মাদকসেবীদের হাতে এক ব্যক্তি জখমের ঘটনায় মামলা,আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ায় মাদকসেবীদের হামলায় শাহজাহান খান নামে এক ব্যক্তি জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৬ জনকে আসামি করে গত শনিবার রাতে মামলাটি করেছেন আহতের স্ত্রী মোছা. ফাতেমা। আসামিরা হলেন, বালিয়া ভেকুটিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩২), নুরুন্নবী (৫৫) এবং তার ৪ ছেলে রাজু (২১), নাজমুল হোসেন (১৯), সোহেল রানা (২৮) ও রবিউল ইসলাম (২২)। এর মধ্যে রবিউল ইসলামকে গত শনিবার দিবাগত রাতে আটক করেছে পুলিশ।
মোছা ফাতেমার অভিযোগ, তার স্বামী শাহজাহান খান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তারা ঢাকায় বসবাসের কারণে বালিয়া ভেকুটিয়ার বাড়িটি প্রায় খালি থাকে। এই সুযোগে আসামিরা বাড়ির অভ্যন্তরে ঢুকে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করেন। কিছুদিন আগে তার স্বামী শাহজাহান খান যশোরে আসেন। তিনি আসামিদের তার বাড়ির অভ্যন্তরে এ ধরনের অবৈধ কর্মকা- করতে নিষেধ করেন। গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে আসামিরা ফের তার বাড়ির অভ্যন্তরে ঢুকে উঠানের একটি কোণে বসে মাদকসেবন করে উল্লাস করতে থাকেন। এ সময় তার স্বামী শাহজাহান খান এর প্রতিবাদ করলে তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন শাহজাহান খানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায়, শাহজাহান খানকে জখমের ঘটনায় তার স্ত্রী কোতয়ালি থানায় মামলা করেছেন। এরপর গত শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাসান বালিয়া ভেকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রবিউল ইসলামকে আটক করেন।