যশোরে মাকে হত্যায় অভিযুক্ত স্কুলশিক্ষক গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে মাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদকে (৪৩) হত্যাকান্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার সকালে যশোর কোতোয়ালি থানার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুনুর রশিদ ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

পিবিআই সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে মামুনুর রশিদ ধারালো বটি দিয়ে তার মা আনোয়ারা খাতুনকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের অপর ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে পিবিআই যশোর জেলা স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং যশোর পিবিআইয়ের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রতন মিয়ার নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআইয়ের তদন্তে জানা গেছে, মামুনুর রশিদের দুটি বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় তিনি দীর্ঘদিন ধরে মাকে দায়ী করে আসছিলেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও ঝগড়া হতো। ঘটনার দিনও একই বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি মায়ের ওপর হামলা চালান।

যশোর পিবিআইয়ের ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, হত্যাকান্ডের পর আসামি ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। স্থানীয় তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ঘটনার ১৭ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।