যশোরে মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

0
বাদ জুমা যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যশোরে জেলাজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিএনপির উদ্যোগে জেলা সদরসহ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

শহরের ঐতিহাসিক দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।

দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমীর পরিচালনায় মোনাজাতে বেগম জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এই দোয়ায় শামিল হন। দলীয় সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে প্রিয় নেত্রীর জন্য এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।