যশোরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু ইতিবাচক পরিবর্তনের জন্য বই পড়ার তাগিদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশুদের বই পাঠের অভ্যাসে ফিরিয়ে আনতে হবে। আমরা অতিমাত্রায় ডিজিটাল ডিভাইস-নির্ভর হয়ে পড়েছি, যা মানসিকভাবে নানা অস্থিরতা তৈরি করছে। এই অস্থিরতা কাটাতে বইয়ের পাতায় ফেরার কোনো বিকল্প নেই।

শনিবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন যশোরের বাস্তবায়নে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটে আসার পর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে কাজের গতি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। প্রধানমন্ত্রীর সফরের পর সংস্কৃতি মন্ত্রীও যশোরের গৌরবময় এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং এরই মধ্যে এর উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বক্তব্যকালে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউটের মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কারের পাশাপাশি ঐতিহাসিক টাউন ক্লাবের সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।