যশোরে ব্যটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান, যানজটমুক্ত শহর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরকে যানজট মুক্ত করতে ব্যাটারিচালিত মোটর রিকশা বন্ধের অভিযানে নেমেছে যশোর পৌরসভা।  সোমবার অভিযানের প্রথম দিনে ৩৮ টি ব্যাটারিচালিত রিকশা এবং ২টি নিবন্ধনবিহীন ইজিবাইক জব্দ করা হয়। যশোর পৌরসভা ও জেলা ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এর আগে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরকে যানজটমুক্ত করতে ব্যাটারিচালিত রিকশা ও অনিবন্ধিত ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী অভিযানের প্রথম দিনে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড়, দড়াটানা মোড়, কালেক্টরেট এলাকা, ঈদগাহ মোড়, চৌরাস্ত মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জব্দ ব্যাটারিচালিত রিকশার মোটর খুলে সেগুলো ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের অনুমতি নেই। শহরকে যানজটমুক্ত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের অভিযান শুরু হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাফুজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
এদিকে এ অভিযানের কারণে গতকাল যশোর শহরের ব্যস্ত সড়কগুলো যানজটমুক্ত ছিল। চলাচলে স্বস্তি প্রকাশ করেন পথচারীরা।
তবে আকস্মিক অভিযানে অনেক রিকশাচালক বিস্ময় প্রকাশ করেন।
সম্প্রতি অতিরিক্ত রিকশা ও ইজিবাইকের কারণে যশোর শহরে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। শহরে চলাচলকারী উল্লিখিত যানবাহনগুলোর মধ্যে অধিকাংশই পৌরসভার নিবন্ধনহীন। এছাড়া পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তারা বেশুমার ইজিবাইকের নিবন্ধন দিয়েছে। সেই সাথে রয়েছে নিবন্ধনহীন ইজিবাইক। জানা যায়, এ শহরে চলাচলকারী রিকশা ও ইজিবাইকের একটি বড় অংশ বাইরের জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আসা।