যশোরে বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলাম মনার ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এইচএমএম রোডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মরহুম নূরুল ইসলামের তৃতীয় পুত্র বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহমুদুল ইসলাম মনা ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদজোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তাঁর নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজা পড়ান আল-জামিয়াতুল ইসলামিয়া (দড়াটানা মাদরাসা) যশোরের প্রিন্সিপ্যাল মুফতি মুজিবুর রহমান।
নামাজে জানাজায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে শরিক হয়েছিলেন হোটেল হাসান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাসান আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোরে চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান সুজা, বিশিষ্ট চক্ষু চিকিৎসক নাহিদ কামাল, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সাবেক প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তা, যশোর জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী জুলু, ইনকিলাবে মাহদি মিশনের পরিচালক সিরাজুল ইসলাম, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, রোটারিয়ান এ জেড এম সালেক, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, বিশিষ্ট আইনজীবী আবু মুরাদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু, মাহমুদ রিবন, মইনউদ্দিন রোমসহ শহরের বহু গণমান্য ব্যক্তি।
মরহুম মাহমুদুল ইসলাম মনা যশোরের ওয়াসকো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি, মনা ফুড ইন্ডাস্ট্রিজ ও মনা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ছিলেন। মরহুমের বড় ভাই যশোর জেলা বিএনপি নেতা যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম জানান, তাঁর ভাইয়ের গলব্লাডার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ঢাকার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে গত শুক্রবার সকালে ভর্তি করা হয়। তাঁর ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি ছিল, তাছাড়া প্রচ- জ্বরও ছিল। এ অবস্থায় তাঁকে ওই হাসপাতালের চিকিৎসকেরা গত শনিবার সন্ধ্যায় জরুরিভাবে অপারেশন করেন। আইসিইউতে থাকা অবস্থায় গত রোববার রাত ১০ টা ৫০মিনিটে তিনি মারা যান।
সোমবার সকালে মাহমুদুল ইসলাম মনার লাশ যশোরে নেওয়া হলে তাঁর বাসভবনে যান যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মরহুমের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বাদ আসর দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে দড়াটানা মসজিদের বিপরীতে মরহমের এইচএমএম রোডের নিজ বাসভবনে মহিলাদের দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।