যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি টিপু সুলতান মেম্বার আটক

0
যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি ও সাবেক সর্বহারা সদস্য টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে ৩টি হত্যা মামলার কারণে শুক্রবার সকালে আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি কার্যালয় পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযান দল হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত এজাহার বিশ্বাসের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ৩টি হত্যা মামলা বিচারাধীন বা চলমান রয়েছে। এ ছাড়া তিনি অতীতে চরমপন্থী সর্বহারা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, টিপু সুলতান বিশ্বাস তালবাড়ীয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এলাকায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে আওয়ামী বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

অভিযুক্ত টিপু সুলতানকে আটকের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।