যশোরে প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে দেওয়ায় যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও বন্ধুদের ফেসবুকে দেওয়ার অভিযোগে মো. মনিরুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে মণিরামপুর উপজেলার খাকুন্দী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই অনুমপ রায় জানান, আটক মো. মনিরুজ্জামানকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন।
পুলিশ জানায়, ওই মেয়ে যশোর শহরের একটি স্কুলে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মনিরুজ্জামানের। মাঝে মধ্যে তারা দুজনের মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলতো। এরই সুযোগে মনিরুজ্জামান প্রেমিকার কিছু অন্তরঙ্গ ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রেখে দেন। এরপর মনিরুজ্জামান কু-প্রস্তাব দিলে প্রেমিকা তাতে রাজী হননি। এ কারণে মনিরুজ্জামান তার কাছে রেখে দেওয়া প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে মনিরুজ্জামান ওই অন্তরঙ্গ ভিডিও ফেসবুকের বিভিন্ন বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। গত ২৩ জুলাই রাতে তার প্রেমিকা বিষয়টি জানতে পারে। এ ঘটনায় গত সোমবার রাত সোয়া ১০টার দিকে মেয়েটির মা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মনিরুজ্জামানকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে একইদিন দিবাগত রাত সোয়া ১টার দিকে মণিরামপুর উপজেলার খাকুন্দী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মনিরুজ্জামানকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।