যশোরে পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ও দৈনিক লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ধরন যেমন বদলেছে, তেমনি বেড়েছে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার। এ পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সক্ষমতা এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তাই তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভুয়া খবর ও অপতথ্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যের প্রবাহ অত্যন্ত দ্রুত। এই বাস্তবতায় সাংবাদিকদের শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, বরং তথ্য যাচাই ও বিশ্লেষণের সক্ষমতাও অর্জন করতে হবে। তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, এবং সাংবাদিকদের পক্ষে মহসিন মিলন ও সাইফুল ইসলাম সজল। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার যুগে গণমাধ্যমকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় সহায়ক ভূমিকা রাখবে।

পিআইবি সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া স্টোরি নির্মাণ, মোবাইল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটাল কনটেন্ট তৈরির কৌশল, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা জানান, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ তাদের পেশাগত কাজে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

গত শনিবার তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।