যশোরে পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির, ঘটনা অস্বীকার পুলিশের

0
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে আজ বুধবার এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি ।। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ করেছে দলটি। তবে স্থানীয় পুলিশ এ ধরনের কোনো ঘটনার কথা অস্বীকার করেছে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল জানান, পুশ-ইনের চেষ্টার প্রতিবাদে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেন। সাদিপুর থেকে ফেরার সময় বেলা সোয়া একটার দিকে কয়েকজন যুবক গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে পালিয়ে যায়। নেতারা গাড়ির ভেতরে থাকায় কারও গায়ে ডিম লাগেনি। এরপর বেনাপোল স্থলবন্দর বাজারে পৌঁছালে ছাত্রদলের নেতৃত্বে আবার হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

এনসিপির দাবি অনুযায়ী, এই হামলায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ ও তাসকিন আহমেদ এবং যুবশক্তির নেতা রুপম আহসান আহত হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্য নেতারা পরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

নিজের ফেসবুকে একটি ভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট করে পাটওয়ারী লিখেছেন, ফেরার পথে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

তবে এনসিপির এই দাবি সরাসরি নাকচ করেছে বেনাপোল থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি এবং কেউ কোনো অভিযোগও করেননি। এনসিপি নেতারা কীভাবে হামলার কথা বলছেন তা তারা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।