যশোরে নিখোঁজ ব্যক্তির পোড়া লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের তোলা নুরপুর গ্রাম থেকে নিখোঁজের একদিন পর মহাসিন মন্ডল (৪৭) নামে এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মান্দিয়া আদর্শপাড়ার একটি পুকুরের পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের দুই হাত বৈদ্যুতিক তার দিয়ে বাঁধা ছিলো। তিনি সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে বিষয়টি এখনো পুলিশ জানতে পারেনি।
পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গা মান্দিয়া আদর্শপাড়ার জনৈক আসাদের পুকুরপাড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ দেখতে পান। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চান। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ব্যক্তির নাম মহাসিন মন্ডল। তিনি তোলা নুরপুর গ্রামের মহিউদ্দিন ওরফে মহি মন্ডলের ছেলে। কী কারণে কারা তাকে হত্যা করেছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
পুলিশের একটি সূত্র জানায়, মহাসিন মন্ডলকে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তার দুই হাত পেছন থেকে বৈদ্যুতিক তার দিয়ে বাঁধা ছিলো। সূত্রটি জানায়, নিহত মহাসিন ম-ল সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সুদের টাকা নিয়ে হয়ত কোনো দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মফিজুর রহমান জানান, তার ভাই মহাসিন মন্ডল বাস-ট্রাকের অনিয়মিত চালক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মহাসিন মন্ডল । এরপর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশ দেখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে আসেন। মর্গে এসে লাশটি তার ভাই মহাসিন ম-লের বলে শনাক্ত করেন। তবে কী কারণে তারা তার ভাইকে হত্যা করেছে তা তিনি জানেন না।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই  হাশিস দাশ জানান, ওই ব্যক্তি ৩ বছর আগে গাড়ি চালানোর কাজ ছেড়ে দিয়েছেন। তারাও জানতে পেরেছেন নিহত মহাসিন ম-ল সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। হত্যার সাথে জড়িতদের শনাক্তের জন্যে পিবিআই কাজ করে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
ডিবি পুুলিশের একটি সূত্র জানায়, তারা হত্যার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।