যশোরে দুইদিনে ৬ জন ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত দুদিনে ৬ জন ছুরিকাহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া সড়কের নিজ বাসার সামনে সাইদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। ছুরিকাহত সাইদুর রহমান জানিয়েছেন, তিনি মাছের ব্যবসা করেন। বাইরে থেকে মোটরসাইকেলে নিজ বাসার সামনে উপস্থিত হন। তখন ওই এলাকার মদন কুমারের ছেলে অমিত তাকে দেখে অন্যকে মোবাইল ফোনে তার উপস্থিতি জানায়। এ সময় সাইদুরের মনে সন্দেহ হয়। তখন তিনি মোটরসাইকেল নিয়ে বাসার দিকে দ্রুত যাওয়ার পথে ওই অমিতসহ ৩ জন সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সাইদুর রহমান বেজপাড়া বুনোপাড়া মৃত আহমদ আলীর ছেলে। তিনি আরো জানান, তার ছোট ভাই বুনো আসাদের সাথে অমিতের বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে তার উপর অমিত গং হামলা চালিয়েছে। তার কাছে ২২ হাজার নগদ টাকা ছিল ওই টাকাগুলো অমিত গং লুট করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন ছুরিকাহত সাইদুর রহমান।
অপরদিকে বুধবার রাত ৯টার দিকে শহরের বেজপাড়া চার খাম্বার মোড়ে সন্ত্রাসীরা রিকসা আরোহী রায়হান (২৫) নামে এক যুবককে ধরে মারধর ও ছুরিকাঘাত করলে তিনি আহত হন। পরে তাকে রেল রোডের পঙ্গু হাসপাতালের পাশে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা এবং কাছে থাকা ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়। রায়হান শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রিপন হোসেনের ছেলে বেজপাড়ায় নানি বাড়ি যাওয়ার পথে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন বলে রায়হান জানিয়েছেন। এদিন সন্ধ্যায় যশোর সদর উপজেলার শালতা এনায়েতপুর গ্রামে রিপন হোসেন (২২) ও রিংকন (১৮) নামে দু’সহোদর ছুরিকাহত হয়েছেন। তারা দু’জন ওই গ্রামের মিঠু বিশ্বাসের ছেলে আহতরা জানিয়েছেন, তাদের বাড়ির সামনে দুভাইয়ের চায়ের দোকান আছে। বুধবার সন্ধ্যায় একই গ্রামের লিটনের ছেলে রাজা, রিমনসহ ৭/৮ জন এসে ওই দু’সহোদরের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে তাদের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে রিপন ও রিংকন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এর আগে গত ১২ জুলাই বিকেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহরের নাজির শংকরপুরের আইউব হোসেনের ছেলে মেহেদী হাসান রাতুল (২৫) ও বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী গ্রামের রওশন আলী ছুরিকাহত হয়েছেন। এদিকে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। আহতরা জানিয়েছেন, তাদের যারা ছুরিকাঘাত করেছে, তারা সকলেই মাদক ব্যবসা ও মাদক সেবন করে। এর আগেও জুনের প্রথম সপ্তাহে ৭ জন ছুরিকাহত হয়েছিল। সে সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের তৎপরতা বেড়ে যায়। কমে যায় সন্ত্রাসীদের ছুরির ব্যবহার। কিছুদিন কম থাকার পর ছুরির ব্যবহার আবারো বৃৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।