যশোরে দম্পতিকে ছুরিকাঘাতে ছিনতাইয়ের সাথে জড়িত দু’জন আটক, ককটেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়ায় দম্পতিকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের সাথে জড়িত অভিযোগে চিহ্নিত দুর্বৃত্ত অর্ধডজন মামলার আসামি মেহেদী হাসান ডলারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নীলগঞ্জ সাহাপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি ককটেল ও ৩টি হাসুয়া উদ্ধারের দাবি করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত পৌনে দুটোর দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই সেকেন্দার আবু জাফর গোপন সূত্রে খবর পান, কতিপয় দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে নীলগঞ্জ হিন্দুপাড়ার কালভার্টের ওপর অবস্থান করছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেন। তবে তাদের সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক দুজন হচ্ছে-বেজপাড়া মেইন রোডের আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান ডলার (২১) ও বেজপাড়া টিবি ক্লিনিক খাটপট্টি এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে মন্টু ওরফে হিটার রাজ অপূর্ব বিশ্বাস ওরফে আলী রাজ (১৯)। তাদের কাছ থেকে ৫টি ককটেল ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয়। সূত্র জানায়, আটক দুজনের মধ্যে মেহেদী হাসান ডলার বেজপাড়া মেইন রোডে দম্পতিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের সাথে জড়িত। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডলার ও তার সহযোগী ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার আমিনুর ওই দম্পতিকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে ৮ হাজার ৭শ’ ৫৫ টাকা ছিনতাই করে নেয়। ভুক্তভোগী দম্পতি হলেন-আর এন রোড এলাকার বাসিন্দা মো. জাহিদ (২২) ও তার স্ত্রী রুনা (১৯)। ছিনতাইয়ের ঘটনায় ওইদিন রাতে কোতয়ালি থানায় মামলা করেন মো. জাহিদ।