যশোরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু : আক্রান্ত ছাড়াল ১১শ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে ৫ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘন্টায় ২১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় এর সংখ্যা ১ হাজার ১শ ছাড়ালো। সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কোহিনুর বেগম অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের রোস্তম আলীর স্ত্রী। গত বুধবার দিনগত গভীর রাতে তাকে অভয়নগর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে সরকারি হিসাব মতে যশোরে ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু হলো। হাসপাতালের বাইরে যাদের মৃত্যু হয় তাদের পরিসংখ্যান দেয়া হয় না। সিভিল সার্জন তার পরিসংখ্যানে জানিয়েছেন, যশোরে গত ২৪ ঘন্টায় ২১ জন নতুন করে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মোট ১ হাজার ১শ ৭ জন আক্রান্ত হয়েছেন। যার ভেতর গত আগস্টে আক্রান্ত হয়েছে ৯শ ৮ জন। এ মাসে মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে গত এক মাস এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস নিয়ে সাধারণ মানুষ দুঃশ্চিন্তার মধ্যে কাটিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন সেপ্টেম্বর মাস ও ডেঙ্গু ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এ মাসেও বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয় বলে জানিয়ে চিকিৎসক বিশেষজ্ঞগণ সকলকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং আঙিনা পরিষ্কার রাখার কথা বলেন।