যশোরে জুলাই শহীদ দিবস পালিত

২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

0
যশোরে জুলাই শহীদ দিবস পালিত
যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপি মিছিলসহ স্মৃতি স্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে -লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার শহরের বকুলতলায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

যশোরে জুলাই শহীদ দিবস পালিত
যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক আশেক হাসান – লোকসমাজ

সকাল ১০টায় স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

যশোরে জুলাই শহীদ দিবস পালিত
যশোরে জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ – লোকসমাজ

দিবসটি উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার নেতারা এবং সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মরণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও স্মরণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।